সাভারে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা

‘‘দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়”এ স্লোগানকে সামনে রেখে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি),জনউদ্যোগ, এএসডিবি, শীল্ড ও বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন এর আযোজনে বিশ্ব পরিবেশ দিবস’২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩ জুন) সাভারের আড়াপাড়া জমিদার বাড়ীর মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় আদিবাসী নারীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক নারী পুরুষ অংশ নেন।
বাংলাদেশ নদী ও পরিবেশ বাচাও আন্দোলন এর সাধারন সম্পাদক সাংবাদিক সীমান্ত সিরাজ এর সঞ্চালনায় এ সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)“র সমন্বয়কারী জ্যোতি চট্রোপাধ্যায়, জনউদ্যোগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও এএসডিবির সাধারন সম্পাদক সঞ্চিতা তালুকদার, বিডিসাস এর নির্বাহী পরিচালক সাংবাদিক মাহবুবুল আলম খোকন, বিসিএইচআরডি’র পরিচালক ববিতা কর্মকার, কারিতাস বাংলাদেশ এর আবদুর রাজ্জাক প্রমুখ।
অংশগ্রহণকারীগণ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘‘দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়”এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। বক্তাগণ বিশ্ব পরিবেশ দিবসের এবারের শ্লোগান ও প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত সময়োপযোগি হয়েছে বলে মন্তব্য করেন। কারণ পলিথিন ও প্লাস্টিক দূষণ বাংলাদেশ তথা সারা বিশ্বে পরিবেশের জন্য একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ থেকে উত্তোরণের জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি পর্যায়ে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণেরও তারা দাবী জানান। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও এর কার্যকর প্রয়োগে কোন উদ্যোগ না নেয়ায় তারা হতাশা ব্যক্ত করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই যত্রতত্র নির্বিচারে পলিথিন ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ ২১ হাজার টন পিলিথিন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়; যার একটি বড় অংশ খাল, বিল, নদী ও জলাশয়ে যায় এবং উন্মুক্ত জায়গায় ফেলা হয়।এই অপচনশীল প্লাস্টিক দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে এবং পরবর্তীতে খাদ্য চক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার ও বিবিধ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। তারা যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ এবং পরিবেশ দূষণ রোধে সাধারণ জনগণের মধ্যে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্লাস্টিক দূষণ হ্রাসে এর বেআইনী উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের দাবি জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শীল্ড এর নির্বাহী পরিচালক ও জনউদ্যোগ কেন্দীয় কমিটির সদস্য মাহবুব আলম ফিরোজ ।