জেলা সংবাদ

সাভারে টিআইবি’র সনাক এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন

 

নিউজ হাঁট ডেস্ক-

‘‘প্লাস্টিক দূষণ আর নয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক) সাভারের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (১ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

সনাক সদস্য সাংবাদিক সীমান্ত সিরাজ এর সঞ্চালনায় ও সনাক সভাপতি অধ্যাপক দীপক কুমার রায়”র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীগণ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘‘প্লাস্টিক দূষণ আর নয়” এর কার্যকর বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

বক্তাগণ বিশ্ব পরিবেশ দিবসের এবারের শ্লোগান ও প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত সময়োপযোগি হয়েছে বলে মন্তব্য করেন। কারণ প্লাস্টিক দূষণ বাংলাদেশ তথা সারা বিশ্বে পরিবেশের জন্য একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ থেকে উত্তোরণের জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি পর্যায়ে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণেরও তারা দাবী জানান।

বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হলেও এর কার্যকর প্রয়োগে কোন উদ্যোগ না নেয়ায় তারা হতাশা ব্যক্ত করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই যত্রতত্র নির্বিচারে পলিথিন ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ ২১ হাজার টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়; যার একটি বড় অংশ খাল, বিল, নদী ও জলাশয়ে যায় এবং উন্মুক্ত জায়গায় ফেলা হয়।এই অপচনশীল প্লাস্টিক দীর্ঘদিন পরিবেশে টিকে থাকে এবং পরবর্তীতে খাদ্য চক্রের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার ও বিবিধ স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। তারা যত্রতত্র প্লাস্টিক ফেলা বন্ধ এবং পরিবেশ দূষণ রোধে সাধারণ জনগণের মধ্যে প্লাস্টিকের নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্লাস্টিক দূষণ হ্রাসে এর বেআইনী উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের দাবি জানান।

সনাক আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন টিআইবি’র সাধারণ পর্ষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখম সিরাজুল ইসলাম, সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা সোমেন্দ্র লাল আচার্য্য, টিআইবি’র ঢাকা ক্লাস্টারের কোঅর্ডিনেটর মো: মাহান উল হক, ইয়েস দলনেতা রোকসানা আক্তার রিমা, সদস্য নাফিজ আহমেদ, এসিজি সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ।

সাভার

 

Back to top button